আগে থেকেই স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তরেসের বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টা নিশ্চিত ছিল অনেকটা। ছিল শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। এবার সে অপেক্ষাও ফুরিয়েছে। চলতি শীতকালীন দলবদলের মৌসুমেই ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন তিনি।
বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাব জানিয়েছে, তরেসকে দলে ভেড়াতে ৫৩৫ কোটি টাকা খরচ হয়েছে তাদের।
গত সপ্তাহেই পুরো ইউরোপে রটে গিয়েছিল, তরেসকে দলে ভেড়াচ্ছে বার্সা। তথ্যটি জানিয়েছিলেন সাম্প্রতিককালে ইউরোপীয় দলবদলের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ফ্যাব্রিজিও রোমানো। এরপর তরেস নিজেও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
এ সময় ভ্যালেন্সিয়াতে ফিরে গিয়ে নিজের টুইটারে একা একা অনুশীলনের ভিডিও দিয়েছিলেন তরেস। তখনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক চুকে গেছে তার।
তবে এত কিছুর পরও চূড়ান্ত ঘোষণা পর্যন্ত ছিল অপেক্ষা। চলতি মৌসুমের শুরুতেই তো এমন কিছু ঘটে গেছে লিওনেল মেসির সঙ্গে, ইউরোপীয় সংবাদ মাধ্যম জানিয়ে দিয়েছিল মেসি থাকছেন। কিন্তু শেষমেশ তা আর হয়নি নিয়মের বেড়াজালে।
যার ফলে মেসিকে নতুন করে চুক্তি সই করানো হয়নি বার্সার। তবে এবার ফেররান তরেসকে নিয়ে তেমন নাটক হয়নি। অবশেষে এসেছে ঘোষণা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বার্সা জানিয়েছে এ খবর।
মৌসুমের প্রথমভাগে বার্সেলোনা একজন গোলস্কোরারের অভাবে বেশ ধুঁকেছে। সে কারণেই বার্সেলোনা আর্থিক দুর্দশায় থাকলেও একজন ফরোয়ার্ড দলে ভেড়ানোকে বেশ প্রাধান্য দিয়েই দেখছিল। আর তাই ৫৩৫ কোটি টাকা খরচ করে এবার দলে ভেড়ালো তরেসকে।
তবে এই অর্থ অবশ্য সিটিকে নগদ পরিশোধ করবে না বার্সা। পাঁচটি কিস্তিতে সিটিকে এই অর্থ দেবে বার্সেলোনা।
তরেসকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে দিলেও বার্সেলোনা তাকে দলের অংশ করতে পারবে আরো দুই দিন পর। আগামী জানুয়ারিতে দলবদলের বাজার খোলার সঙ্গে সঙ্গেই তাকে নিবন্ধন করিয়ে নেবে দলটি।
স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই দলবদলটা বার্সেলোনা একটু আগেভাগেই সেরেছে স্প্যানিশ সুপার কাপকে মাথায় রেখে। আগামী ১২ জানুয়ারি প্রতিযোগিতাটির সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।
নতুনসিলেট২৪ডটকম / ২৯ ডিসেম্বর ২০২১ / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



