অনলাইনের যুগে প্রিন্ট ভার্সনের পত্রিকাগুলো ক্রমেই বিলুপ্তের পথে। উন্নত বিশ্বে অধিকাংশ পত্রিকা কিংবা খবরের কাগজ প্রিন্ট এডিশনের পরিবর্তে অনলাইনে সংস্করণ করা হয়ে থাকে। টাইপিংয়ে ছাপা পত্রিকা যখন হুমকির মুখে, ঠিক তখন হাতে লেখা পত্রিকার কথা কিছুটা কৌতুহল জন্মায়।
যুগের সাথে তাল মিলিয়ে সকল প্রতিকূলতা পার করে প্রকাশিত হয়ে যাচ্ছে সম্পূর্ণ হাতে লেখা একটি পত্রিকা যার নাম ‘দ্য মুসলমান’। করোনার প্রকোপও এই পত্রিকাকে দমিয়ে রাখতে পারেনি।
ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিল নাড়ুর চেন্নাই শহর থেকে প্রথম প্রকাশিত হয় ‘দ্য মুসলমান’ পত্রিকাটি। জানা যায় ১৯২৭ সাল থেকে প্রকাশিত পত্রিকাটি ইতোমধ্যে ৯৪ বছর অতিক্রম করেছে। যার উদ্যোগে এই পত্রিকার যাত্রা শুরু তার নাম সৈয়দ আজমাতুল্লাহ।
তার মতে ভারতের যারা উর্দু ভাষার মুসলিমগণ আছেন তাদের পক্ষে কথা বলার মতো একটি পত্রিকা থাকা জরুরি। মূলত অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে তিনি পত্রিকাটি পরিচালনার উদ্যোগ নিয়েছিলেন। সে ধারণা থেকেই তিনি পত্রিকাটি প্রকাশ করতে শুরু করেন। ‘দ্য মুসলমানের’ প্রথম সংস্করণ উদ্বোধন করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা ও মাদ্রাজ সেশনের সভাপতি মুখতার আহমেদ আনসারি।
আর এই পত্রিকাটির অফিসের অবস্থান চেন্নাইয়ের ৩২৪ ট্রিপলিকেন হাই রোডে। ভারতে করোনার ভয়াবহ প্রকোপের হাত থেকে চেন্নাইও রক্ষা পায়নি। কিন্তু তারপরও কাজ চালিয়ে গেছে ‘দ্য মুসলমান’ পত্রিকার পুরো দল। করোনা থাকা সত্ত্বেও তাদের গ্রাহক সংখ্যা কমেনি। কঠোর লকডাউনের মধ্যেও যথাসময়ে সকলের কাছে পৌছেছে পত্রিকাটি।
সৈয়দ আজমতউল্লাহর মৃত্যুর পর পত্রিকাটি পরিচালনার দায়িত্ব নেন তার নাতি তার সৈয়দ আরিফুল্লাহ। এই ক্যালিগ্রাফি সাংবাদিকতা এবং ক্যালিগ্রাফি ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্যে পত্রিকাটির দায়িত্ব দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। ‘দ্য মুসলমান’ পত্রিকায় বর্তমানে তিনজন প্রতিবেদক কাজ করছেন। প্রতিবেদকরা সকলেই পুরুষ।
রাজনৈতিক, সাংস্কৃতিক, খেলার সংবাদ প্রায় সব খবরই তারা সংগ্রহ করেন। আর ক্যালিগ্রাফির কাজের জন্য রয়েছেন তিনজন কাতিব বা লেখক। এদের মধ্যে রয়েছেন দুজন নারী। তারা এই লেখালেখি পেশায় যুক্ত আছেন প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে।
মূলত স্প্রেডশিটে প্রকাশিত পত্রিকাটি ভাজ করে চার পাতার পত্রিকা প্রকাশিত হয়। প্রথম পাতায় স্থানীয় ও জাতীয় সংবাদ, দ্বিতীয় পাতায় সম্পাদকীয় ও আন্তর্জাতিক সংবাদ এবং তৃতীয় পাতায় থাকে কুরআনের আয়াত। একদম শেষ পৃষ্ঠায় বিজ্ঞাপন, স্থানীয় সংবাদসহ প্রায় সকল ধরনের সংবাদ প্রকাশিত হয়ে থাকে। পত্রিকাটি কুইল কলম ও কালিতে লেখা হয়ে থাকে।
এক পাতা লিখতেই একজন ক্যালিগ্রাফারের সময় লাগে প্রায় দুই ঘণ্টা। যদি কোনো ভুলও হয় তবুও পুরো পাতার কাজটিই নতুন করে করতে হয়। তারপর লিখিত কপিটি নেগেটিভে রূপান্তরিত করে সেখান থেকে পত্রিকাটি সরাসরি প্রিন্টিংয়ে পাঠানো হয়। পুরো পত্রিকাটি সাদা ও কালো হরফে সাজানো থাকে। প্রতিটি পত্রিকার দাম মাত্র ৭৫ পয়সা।
তবে ‘দ্য মুসলমান’ শুধু মুসলিমদের পত্রিকা নয় বরং যারা উর্দুভাষা জানেন ও চর্চা করেন এমন বহু হিন্দু গ্রাহকদেরও পত্রিকা এই ‘দ্য মুসলমান’।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



