বর্তমান প্রজন্মের পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সের মিলনায়তন হলে মহান বিজয়ের সবর্ণজয়ন্তীতে সিলেট জেলার পুলিশ আয়োজিত ৩২ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তি সংগ্রামে বাংলাদেশ পুলিশের গৌরবজনক অধ্যায়ের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীন বাংলাদেশে পুলিশের মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে পারার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সহকারি পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিরবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহনেওয়াজ ও গীতা পাঠ করেন এসআই (নি:) বিনয় চক্রবর্তী।
এরপর মঞ্চে উপবিষ্ঠ অতিথিরা সংবর্ধনা অনুষ্টানে যোগদানকারি পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন। এসময় অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধারা যুদ্ধ দিনের বীরত্ব গাঁথা অম্নমধুর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ১১ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। যার মধ্যে ৩ জন শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা্রও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



