শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা আগামী পহেলা জুন থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
আগামি শনিবারের মধ্যে এমন সিদ্ধান্ত না এলে সিলেটে মশাল মিছিল করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানবন্ধন পরিচালনা করে মদনমোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা। বক্তব্য দেন সিলেট এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহিম, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিশাল দেব, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম, নর্থ ইষ্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রদ্যুত দাশ, এমসি কলেজের শিক্ষার্থী পঙ্কজ চক্রবর্তী জয়, মদনমোহন কলেজের শিক্ষার্থী সৈকত ভৌমিক, বাহুবল কলেজের শিক্ষার্থী দোয়েল রায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনিষা ওয়াহিদ, এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আখি, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সুহেলী প্রমুখ।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষামন্ত্রী যে বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। করোনা ভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। লেখাপড়ার বাইরে থাকায় অন্যান্য নানা কাজে জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষাও ধ্বংসের দিকে যাচ্ছে।
তাছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট তৈরী হয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভালো নেই। শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে। তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই জুনের প্রথম দিনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। এসময় দ্রুতসময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দেওয়ার দাবিও জানান তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



